পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। সাম্য, শান্তি ও সম্প্রীতির বার্তাবাহী ইসলামের প্রতি মানুষের এ আগ্রহের মূলে রয়েছে কুরআনের সার্বজনীনতা। প্রতিবছরের মতো এবারও ইসলাম ও কুরআন ছিল মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ২০২২ সালে সংঘটিত ইসলাম ও মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা তুলে ধরেছেন-মাহমুদ আহমদ
দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম
দ্রুত বর্ধনশীল ধর্ম হিসাবে শীর্ষে আছে ইসলাম। বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৮০ কোটি থেকে বেড়ে ২০৬০ সালে ৩০০ কোটিতে উন্নীত হবে। পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) তথ্যের সাহায্যে এ বছর বিশ্বব্যাপী প্রধান প্রধান ধর্মের মানচিত্র প্রকাশ ধরেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট (www.visualcapitalist.com)। পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ধর্মগুলোকে সাতটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছে। এর মধ্যে প্রধান ধর্ম পাঁচটি খ্রিষ্ট ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু ও ইহুদি ধর্ম।
বিশ্বের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ খ্রিষ্টান, প্রায় কাছাকাছি ইসলাম ধর্মের অনুসারী ২৫ শতাংশ। প্রধান ধর্মের মধ্যে ইহুদিদের জনসংখ্যা সবচেয়ে কম, বিশ্বের মাত্র .২ শতাংশ। অঞ্চল হিসাবে মুসলিম জনসংখ্যা সর্বোচ্চ ৯৩.১ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে, সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে ৩১.৪ শতাংশ, এশিয়া প্যাসিফিকে ২৫.৭ শতাংশ, ইউরোপে ৬.৮ শতাংশ এবং উত্তর আমেরিকায় ১.৩ শতাংশ।
মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ধর্ম ইসলামের অনুসারী ৯৫ শতাংশেরও বেশি। ১৪.২ শতাংশ মুসলিম ভারতে বসবাস করে। ফলে ইন্দোনেশিয়ার পর দেশটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার অন্যতম। এ ছাড়া ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম। মুসলমানদের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে ১৮০ কোটি থেকে ২০৬০ সালে প্রায় ৩০০ কোটিতে উন্নীত হবে বলে মনে করা হয়।
প্রভাবশালী পাঁচশ মুসলিমের তালিকা প্রকাশ
বর্তমান বিশ্বের শীর্ষ প্রভাবশালী পাঁচশ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। ৩০ অক্টোবর ২০২৩ সালের জন্য প্রকাশিত তালিকায় শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের নাম ধারাক্রমে উল্লেখ করা হয়। অবশিষ্ট ৪৫০ জনের নাম ১৩টি ক্ষেত্রে বিশেষ অবদান বিবেচনায় উল্লেখ করা হয়।
ক্ষেত্রগুলো হলো পাণ্ডিত্ব, রাজনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা, ধর্ম প্রচার ও আধ্যাত্মিক নির্দেশনা, দাতব্যসেবা ও উন্নয়ন, প্রযুক্তি, সামাজিক ইস্যু, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, কুরআন তেলাওয়াত, মিডিয়া, সেলিব্রিটি ও ক্রীড়া ব্যক্তিত্ব। এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি এবং বর্ষসেরা নারী হিসাবে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলির নাম ঘোষণা করা হয়।
কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয়
আবারও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসাবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নিউইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার
প্রথম আমেরিকান মুসলিম হিসাবে নিউইয়র্ক সিটির লোকাল প্রিসিডেন্টের কমান্ডিং অফিসার হিসাবে নিয়োগ পান ক্যাপ্টেন আদিল। ৭ জুলাই পাকিস্তান বংশোদ্ভূত এ ক্যাপ্টেনের নিয়োগ নিশ্চিত করে নিউইয়র্কের পুলিশ বিভাগ। ক্যাপ্টেন রানার নিয়োগ প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা জানায় আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটি। একজন মুসলিম কমান্ডিং অফিসার হিসাবে নিউইয়র্কের পুলিশ বিভাগে আদিলই প্রথম।
কাবা শরিফের নতুন খতিব শায়খ ইয়াসিরের প্রথম জুমা
কাবা শরিফের নবনিযুক্ত খতিব শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দাওসারি ১৬ ডিসেম্বর, ২২ জুমাদিউল আউয়ালে প্রথম জুমা পড়ান মসজিদুল হারামে। ২০১৯ সাল থেকে তিনি পবিত্র এ মসজিদে শুধু ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। খতিব হিসাবে নিযুক্ত হওয়ার ১০ দিন পর তিনি হারাম শরিফে জুমা পড়ান।
কাতার বিশ্বকাপের অভ্যর্থনায় মহানবির বাণী
ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো মুসলিম রাষ্ট্রে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এবার কাতারের ব্যয় ২২০ বিলিয়ন; টাকায় যা প্রায় ১৮ লাখ ৯৭ হাজার কোটি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাতার। তাই বিশ্বকাপের সাজ ও আলোকসজ্জাতেও রাখা হয়েছে মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের ছোঁয়া।
কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বিশ্বনবি ও শ্রেষ্ঠনবির (সা.) বাণীসংবলিত ব্যানার ও ফেস্টুন। ইসলামিক ক্যালিওগ্রাফি ও ম্যুরাল শোভা পেয়েছে স্টেডিয়ামগুলোর আশপাশে। দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে বিভিন্ন স্থানে দেওয়ালজুড়ে সাঁটানো বর্ণিল ম্যুরাল, ব্যানার ও ফেস্টুন।
যেখানে আরবি ও ইংরেজি ভাষায় রাসূল (সা.)-এর প্রজ্ঞাপূর্ণ অনেক হাদিস লেখা হয়েছে। হাদিসগুলোর মধ্যে অন্যতম-‘তোমরা সহজ করো, কঠিন করো না। মানুষের মধ্যে শান্তি স্থাপন করো, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না।’ সালাম দেওয়ার শিষ্টাচার নিয়েও হাদিস সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, ‘ছোট বড়কে, পথিক বসে থাকা ব্যক্তিকে এবং কমসংখ্যক ব্যক্তি বেশিসংখ্যক ব্যক্তিদের সালাম দেবে।’
ওমরাহ ভিসা করেছেন ৪০ লাখ মানুষ
২০২২ সালে ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে ৪০ লাখ মানুষ ওমরাহ ভিসা করার সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ ও সাবাক ওয়েবসাইট। করোনা মহামারির পর এ বছরই বৃহৎ সংখ্যায় ওমরাহ পালন করার সৌভাগ্য লাভ করলেন ধর্মপ্রাণ মুসলিমরা।
হজের খুতবা বাংলাসহ ১৪টি ভাষায়
এ বছরই প্রথম পবিত্র হজের খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হয়। অধিক বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
মসজিদ নির্মাণের রেকর্ড গড়েছে মিসর
মিসরে ২০২২ সালে রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ ও পুনঃসংস্কার করা হয়েছে। এ বছর দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ নতুন মসজিদ চালু হয়েছে। নতুন মসজিদগুলোর বেশ কয়েকটির নির্মাণ খরচের কিছু অংশ সরকার অর্থায়ন করেছে আর বাকি মসজিদগুলো নিজেদের খরচে নির্মিত হলেও নির্মাণকাজ তত্ত্বাবধান করেছে সরকার।
দুবাইয়ের কারাগারে হাফেজ হলেন ৬০৫ বন্দি
ফিলিস্তিনের ৭৭ কারাবন্দি এবং ৬০৫ বন্দি কুরআনের হাফেজ হলেন দুবাইয়ে। ধর্মশিক্ষা প্রোগ্রামে অংশ নিয়ে পবিত্র কুরআন হিফজ করেছেন বন্দিরা। জানা গেছে, দুবাই কারাবন্দিদের পুনর্বাসনে বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে আরব আমিরাত সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ধর্ম, খেলাধুলা ও পেশাদারবিষয়ক বিভিন্ন প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।
রাসূল প্রেম ছড়িয়ে দিতে আমিরাতের উদ্যোগ
সবার মাঝে মহানবি ও বিশ্বনবির (সা.) ভালোবাসা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের অন্তত ১০ লাখ দিরহাম পুরস্কার প্রদানের ঘোষণা দেয় দেশটি।
কুরআন মুখস্থ করায় এরদোগানের সম্মাননা
তুরস্কে মাত্র এক বছরে কুরআন হেফজ সম্পন্ন করায় ১১ বছর বয়সি দৃষ্টিপ্রতিবন্ধী শিশু রাফজানুর কোজাকির ও তার পরিবারকে বিশেষ সম্মাননা জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আঙ্কারার প্রেসিডেন্সি কমপ্লেক্সে রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান ও তার স্ত্রী আমিনাহ এরদোয়ান শিশু রাফজানুর ও তার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ক্যামেরুনের ফুটবলার এমবোমার ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ করেছেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক এমবোমা। ১৩ মে পবিত্র জুমার নামাজের পর ক্যামেরুনের ডুয়ালা শহরের একটি মসজিদে তিনি কালেমা শাহাদাত পাঠ করেন।
আমরা আরও একটি বছরে প্রবেশ করতে যাচ্ছি। নতুন বছরটি যেন সমাজ জীবনে প্রতিটি মানুষের মন থেকে সব গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে আরও এগিয়ে যেতে পারে। এটাই আমাদের প্রত্যাশা। ইসলামের আলোয় ঝলকিত হোক দিগদিগন্ত।